১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেটে ইয়াবা পাচার: পান্নু ২ দিনের রিমান্ডে

গত বুধবার তাকে আটক করে এপিবিএন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

পাকস্থলীতে ইয়াবা বহনকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার পান্নু হাওলাদারকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বখতিয়ার খালেদ।

গত বুধবার শাহজালাল বিমানবন্দর থেকে পান্নুকে ধরার পর হাসপাতালে নিয়ে ৬ হাজার ৩৭৮টি ইয়াবা বের করা হয়। এরপর শনিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিমানবন্দর এপিবিএন। ৩০ বছর বয়সী পান্নুর বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

এপিবিএন বলছে, পান্নু ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে (বিএস-১৪২) কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহন করছে বলে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন বলে জানান। বিমানবন্দরের চিকিৎসকরা পরীক্ষা করে এক্স-রে এর মাধ্যমে তার পেটে প্রচুর ডিম্বাকৃতির বস্তু থাকার তথ্য দেন।

পান্নুকে পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে ইয়াবা উদ্ধার করা হয়। এপিবিএনের দাবি, পান্নু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও বহনের সঙ্গে জড়িত।

পেটে ইয়াবা পাচারশাহজালালে যাত্রী আটক