১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেটে ইয়াবা পাচার, শাহজালালে যাত্রী আটক

কক্সবাজার থেকে এ যাত্রী ঢাকায় আসছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 12:26 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে ৬ হাজার ৩৭৮টি ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ননের (এপিবিএন) হাতে গ্রেপ্তার এ যাত্রীর নাম মো. পান্নু হাওলাদার। ৩০ বছর বয়সী এ ব্যক্তি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে শনিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের তথ্য বিমানবন্দর এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

এপিবিএন বলছে, পান্নু ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে (বিএস-১৪২) কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহন করছে বলে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন বলে জানান। বিমানবন্দরের চিকিৎসকরা পরীক্ষা করে এক্স-রে এর মাধ্যমে তার পেটে প্রচুর ডিম্বাকৃতির বস্তু থাকার তথ্য দেন।

পান্নুকে পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে পায়খানার করানোর মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬ হাজার ৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএনের দাবি, পান্নু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও বহনের সঙ্গে জড়িত।

বিমানবন্দর এপিবিএন এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা “