১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নির্বাচনে ইসলামপন্থিদের ‘ব্যাপক অংশগ্রহণ’ চান মামুনুল

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন মামুনুল হক।

স্থানীয় নির্বাচনে ইসলামপন্থিদের ‘ব্যাপক অংশগ্রহণ’ চান মামুনুল
মোহাম্মদপুরে খেলাফত আমিরের রাজনৈতিক কার্যালয়ে সভায় কথা বলেন মামুনুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 07:56 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থিদের ‘ব্যাপকভাবে অংশগ্রহণের’ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেছেন, “ইসলামপন্থি, সৎ, যোগ্য মানুষরা নিষ্ক্রিয় থাকলে স্বাভাবিকভাবেই দুর্নীতিবাজ, অসৎ ও কমিশননির্ভর ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন। তাই অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায় থেকেই ব্যাপকভাবে প্রার্থী বাছাই ও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।”

মঙ্গলবার বিকালে মোহাম্মদপুরে খেলাফত আমিরের রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

নির্বাচন নিয়ে মামুনুল হক বলেন, “শুধু নির্বাচন কমিশনের ভূমিকার দিকে তাকিয়ে থাকলে হবে না। রাজনৈতিক দল ও ইসলামপন্থি সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

“জনগণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং স্থানীয় পর্যায়ের নানা সমস্যা সমাধানে যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই।”

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাসান জুনাইদের পরিচালনায় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী ও মুফতি শরাফত হোসেন বক্তব্য দেন।