খলিল-জয়শঙ্কর বৈঠক, নিবিড় যোগাযোগ রক্ষায় ‘ঐকমত্য’
জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলের আতিথেয়তা করতে পেরে তিনি আনন্দিত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দিল্লি সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার দিল্লির হায়দ্রাবাদ হাউজে ওই বৈঠকে দুদেশের মধ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে ‘ঐকমত্য’ হওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
এক এক্স বার্তায় বৈঠকের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলের আতিথেয়তা করতে পেরে তিনি আনন্দিত।
“বহু ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করার আলোচনা আমরা করেছি। সেইসঙ্গে, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছি। নিবিড় যোগাযোগ রক্ষার বিষয়ে একমত হয়েছি।”
দুপুরের পর ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
