২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

মাথায় গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী নেতার মৃত্যু

সামনের নির্বাচনে জামাল আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করা হয়েছে বলে মনে করছেন নিহতের ভাই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

পেছন থেকে ছোড়া গুলিতে আহত রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী সমিতির নেতা জামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর তথ্য দিয়েছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার।

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের ভেতরে শুক্রবার সন্ধ্যার পর অনেকটা প্রকাশ্যে কর্মচারী সমিতির অফিসের সামনে ৪০ বছরের জামাল হোসেনকে পেছন থেকে গুলি করে দুইজন। এতে জামালের একটি চোখ বেরিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

জামাল ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং হাসপাতালের কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। 

কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এই হামলার অভিযোগ করে নিহতের ভাই জসিম উদ্দিন বলেন, সামনের নির্বাচনে জামাল আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করা হয়েছে বলে তারা মনে করেন।

বনানী থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে জামালের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জামালকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি বলেন, এখন এটি হত্যা মামলায় রূপান্তর হবে।

এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনও রয়েছেন।

নিহতের ভাই জসিম উদ্দিন শুক্রবার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে চতুর্থ শ্রেণির সমিতির অফিসের সামনে দুজন মাস্ক পরিহিত হামলাকারী জামালের মাথায় গুলি করে চলে যায়। 

বক্ষব্যাধি হাসপাতালে কর্মচারী সমিতির নেতার মাথায় গুলি