কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য দিল ডিএসসিসি
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সুবিধাজনক স্থানে পথশিশুদের জন্য 'বই পড়ার বিনিময়ে খাবার' কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রশাসক।
রাজধানীর কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছে স্থানীয়রা।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ থেকে এসব সামগ্রী নেন তারা।
কর্মসূচির উদ্বোধন করে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, ড্রেন ও নালায় প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।
শিগগিরই গুলিস্তানে এ কর্মসূচির একটি স্থায়ী স্টল স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে এটি সম্প্রসারণ করা হবে।
এছাড়া বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সুবিধাজনক স্থানে পথশিশুদের জন্য 'বই পড়ার বিনিময়ে খাবার' কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রশাসক।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন অনুষ্ঠানে বলেন, গত দুই বছরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় এক কোটি টাকা আয় হয়েছে; যা দিয়ে প্রায় চার লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় এক লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
