খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু
একজন কার্ডধারী মাসে ৩০ কেজি চাল নিতে পারবেন।
নিম্ন আয়ের মানুষের খাবার নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে।
এ কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী ছয় মাস (অগাস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) পর্যন্ত ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন কার্ডধারী মাসে ৩০ কেজি চাল নিতে পারবেন।
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এ কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফাইড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
একই সঙ্গে সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে। ওএমএসে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সরকার। এক ব্যক্তি এক দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।
খাদ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশের খাদ্য মজুত সন্তোষজনক। পূর্বের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২ অগাস্ট পর্যন্ত খাদ্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন; গম দুই লাখ ৮০ হাজার ১০ টন এবং এক লাখ ৫২ হাজার ১০৯ টন ধান থেকে রূপান্তরিত চাল রয়েছে।
