২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চার লাখ টাকা দাবির অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুকের মামলা

ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 08:05 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

কথিত প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবি ও তা না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুকের মামলা করেছেন এক ব্যক্তি। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে বুধবার ফার্মেসি ব্যবসায়ী শামীম মিয়া এ মামলার আবেদন করেন। 

বাদীপক্ষের আইনজীবী এস এম সবুজ বলেন, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।”

আসামিরা হলেন- শামীম মিয়ার স্ত্রী ফাতেমা তুজ জহুরা, তার কথিত প্রেমিক শেখ ইমাম হোসাইন এবং শাশুড়ি শাহানাজ।

মামলায় শামীম মিয়া অভিযোগ করেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের প্রথম দিকে ফাতেমা ভালোভাবে সংসার করলেও ইমাম ও মা শাহানাজের প্ররোচনায় পরিবর্তন হতে থাকেন। ফাতেমা তার বিয়ের আগের সম্পর্কের ধারাবাহিকতায় ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। শামীম বাসায় ব্যবসার জমানো টাকা রাখলে, স্ত্রী সেই টাকা থেকে বিভিন্ন সময় তার প্রেমিক ও মাকে দিতেন। 

স্ত্রীর টাকা সরানো বন্ধ করতে গেলে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য নানা শর্ত চাপান ফাতেমা। তারপরও বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকেন। এভাবে গত দুই বছরে ফাতেমা প্রায় চার লাখ টাকা নেওয়ার পর শামীম স্ত্রীর কাছে টাকা ফেরত চান। তখন ফাতেমা ওই টাকা তার প্রেমিক ও মায়ের কাছে দিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।

সবশেষ গত ২০ অগাস্ট রাতে স্ত্রী ও শাশুড়ি তার কাছে ইমাম হোসাইনের ব্যবসার কথা বলে আরও চার লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করেন শামীম।