মাহমুদুল হত্যা: ডিজিএফআইয়ের আফজাল নাছের আরও ৩ দিনের রিমান্ডে
এ মামলায় এর আগে তাকে দুই দফায় ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বুধবার এ আদেশ দেন।
২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ওইদিন তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরো চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।
গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তার তিন দিন করে এবং ২৩ এপ্রিল মাহমুদুল হত্যা মামলায় চার দিন এবং ২৭ এপ্রিল আরও দুই দিনের রিমান্ডের আদেশ হয়।
সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, "রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করি। আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে জামিন চাওয়া হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।"
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পূর্ব থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। বিকেল ৪টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিরা ‘বেআইনিভাবে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর গুলিবর্ষণ’ করে।
গুলিবিদ্ধ হয়ে মাহমুদুল হাসান মাটিতে লুটিয়ে পড়েন। বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় এ হত্যা মামলা করা হয়।
