১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা বিনিময়

তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 11:51 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা মতবিনিময় করেন। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তরুণ প্রজন্মের বিশ্লেষণধর্মী চিন্তা, নীতি উদ্ভাবন ও গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করে।

সারাদেশের ১০টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয়।

বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল—ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, শান্তি, কৃষি, প্রযুক্তি, রাজনীতি, সংবিধান, পররাষ্ট্রনীতি ও অর্থনীতি—এই দশটি জাতীয় অগ্রাধিকার খাতে বাস্তবসম্মত ও উদ্ভাবনী নীতি প্রস্তাবনা উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।