১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জনগণের স্বার্থে সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ এগিয়ে নেবে: এ্যানি

“এই চ্যালেঞ্জ ওভারকাম করতেই হবে,” বলেন মন্ত্রী।

জনগণের স্বার্থে সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ এগিয়ে নেবে: এ্যানি
বংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সোমবার ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শিরোনামে সেমিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:19 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

দেশ ও জনগণের স্বার্থে ‘তিস্তা মহাপরিকল্পনা’ এগিয়ে নেওয়ার কথা বললেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “দেশের স্বার্থে, জনগণের স্বার্থে চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি বা তিস্তা মহাপরিকল্পনা নামেই হোক; এই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে যা যা করা দরকার, আমরা সেই বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

“আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে ওই এলাকার মানুষ এতদিন যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা সমস্যার মধ্যে রয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতি ও সমস্যা দিন দিন বাড়তে থাকবে। এই চ্যালেঞ্জ ওভারকাম করতেই হবে।”

সোমবার বংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পানিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ কৌশল বিভাগ আয়োজিত ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শিরোনামে সেমিনারে এ কথা বলেন এ্যানি।

তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আশা করি আমাদের স্বার্থের প্রতি তারা নজর দেবেন।”

কারিগরি সহায়তার জন্য ইতোমধ্যে চীন ও নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “অন্য কোনো সহায়তা দিতে এগিয়ে এলে সেই সহায়তাও সাদরে গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বুয়েট উপাচার্য একরামুল হকও কথা বলেন।