১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি’ গঠন

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন সূচীপত্র প্রকাশনীর সাঈদ বারী ও আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হাসান।

‘বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি’ গঠন
সাঈদ বারী ও দেলোয়ার হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 11:35 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

‘বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি’ নামে নতুন একটি সংগঠন গড়েছেন প্রকাশকরা।

এতে সভাপতি হয়েছেন সূচীপত্র প্রকাশনীর কর্ণধার সাঈদ বারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবিষ্কার প্রকাশনীর দেলোয়ার হাসান।

২১ সদস্যের এই সমিতি গঠনের কথা দেলোয়ার হাসান বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রকাশনা শিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্বৃত্তায়ন এবং লুণ্ঠনকারী প্রকাশকদের হাত থেকে সাধারণ প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে।”

সমিতিতে হাসি প্রকাশনীর হেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, জাগৃতি প্রকাশনীর রাজিয়া রহমান সহ-সভাপতি, আদর্শের মাহাবুবুর রহমান অতিরিক্ত সাধারণ সম্পাদক, অক্ষর প্রকাশনীর আমিন খান যুগ্ম সাধারণ সম্পাদক-১, শাহজী প্রকাশনীর শরীফুল হক শাহজী যুগ্ম সাধারণ সম্পাদক-২, দি রয়েল পাবলিশার্সের জামাল উদ্দিন আহমেদকে অর্থ ও দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া কলি প্রকাশনীর এস এম মহিউদ্দিন কলি সাংগঠনিক সম্পাদক, বাবুই প্রকাশনীর মোর্শেদ আলম হৃদয়কে সহ-সাংগঠনিক সম্পাদক, সৃজনীর মশিউর রহমানকে মেলা বিষয়ক সম্পাদক, মুক্তচিন্তার মো. শিহাবুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাতিঘরের দীপঙ্কর দাসকে তথ্যপ্রযুক্তি ও সেমিনার সম্পাদক, বলাকার শরিফা বুলবুলকে পাঠাগার উন্নয়ন সম্পাদক, মহাকালের মো. মনিরুজ্জামানকে কপিরাইট ও বাজার উন্নয়ন সম্পাদক করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন, শিকড়ের মিজানুর রহমান সরদার, কেন্দ্রবিন্দুর ওয়াহিদ তুষার, মেরিটফেয়ার প্রকাশনের মো. মোহসিন রুবেল, রূপসী বাংলার খায়রুল ইসলাম পলাশ, জ্ঞান বিতরণীর শহিদুল ইসলাম ও তৃণলতা প্রকাশনীর জাহাঙ্গীর আলম।