ঢাকায় ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফ স্বীকার করে নেন যে তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মী নন।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালকের মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগে ঢাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। তাকে শনিবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রোববার এসব তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে পাকিস্তান হাই কমিশনের পাশে মোটরসাইকেল রাখেন সাইফ ইমরান। সেখানে পার্কিং করতে নিষেধ করলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন তিনি।
“সাইফ দাবি করেন, ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত ওই স্থানে পার্ক করা হয়। একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি আবার ওই স্থানে মোটরসাইকেল রাখেন। এতে পুলিশ সদস্যদের সন্দেহ হলে তার পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।”
আকতার হোসেনের ভাষ্য, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফ স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন।
ডিএমপি জানায়, ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে।
