Published : 27 Jul 2025, 07:11 PM
বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির স্থান নয়, এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক মহৎ উদ্যোগ। এই মেলায় যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রকৃতির প্রতি ভালোবাসার শক্তিশালী বার্তা দিয়েছেন।
“বৃক্ষমেলায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা করে বন্যপ্রাণী সংরক্ষণে তাদের সম্পৃক্ত করে ‘ছাত্র বলয়’ গঠন করা হবে।”
রোববার বিকালে আগারগাঁওয়ে বন ভবনে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অনেকে বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ এনেছেন, কেউ কেউ বিদেশি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন- এসবই মানুষ ও প্রকৃতির মধ্যে বাস্তব সংযোগ তৈরি করেছে।”
বৃক্ষমেলার স্টল বরাদ্দে স্বচ্ছতা আনতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামীতে আরও জবাবদিহিমূলক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে শুক্রবার থেকে তিন দিনের জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। শতাধিক নার্সারির অংশগ্রহণে অনুষ্ঠিত এ মোট ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়, যার আর্থিক মূল্য ১৪ কোটি ৭৯ লাখ টাকা।