Published : 04 May 2026, 07:01 PM
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানি হবে অন্য বেঞ্চে।
সোমবার বিকালে আবেদনটি শুনানির জন্য বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে উপস্থাপন করা হয়।
রিট আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালকে বলেন, বেঞ্চের এক বিচারপতির বাড়ি আর রিট আবেদনকারীর বাড়ি একই গ্রামে।
এরপর আদালত আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে এবং তখনই মূল ভবনের ২০ নম্বর বেঞ্চে পাঠিয়ে দেয়।
এরপ মনিরা শারমিনের আইনজীবী আহসানুল করিম এবং মোস্তাফিজুর রহমান বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে যান এবং সেখানে তাৎক্ষণিকভাব শুনানির তারিখ নির্ধারণের আবেদন করেন।
আদালত শুনানির পর মঙ্গলবারের কার্যতালিকায় রিট আবেদনটি শুনানির জন্য রেখেছে।
গত ২৩ এপ্রিল রিটার্নিং অফিসার এনসিপির এই যুগ্ম আহ্বায়কের মনোনয়নপত্র বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনও তার আপিল খারিজ করে দেয়।
কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাই কোর্টে রিট আবেদন করেন মনিরা শারমিন।