১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ: হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার

প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাঁচটি ঘটনায় অভিযোগ গঠনের জন্য আবেদন করেন।

মানবতাবিরোধী অপরাধ: হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। 

প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ আবেদন জানান। পরে আসামিদের আইনজীবীরা সময়ের আবেদন জানালে আগামী সোমবার দিন ধার্য করা হয়।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। বিচারকাজ সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী ছিলেন জায়েদ বিন আমজাদ।

প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাঁচটি ঘটনায় অভিযোগ গঠনের জন্য শুনানি করেন এবং অভিযোগ গঠনের আবেদন করেন। 

এরপর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তার প্রস্তুতি নেই জানিয়ে ১৫ দিন সময় প্রার্থনা করেন। আদালত এক সপ্তাহ সময় দিয়ে আগামী সোমবার দিন রাখে।    

মামলার  আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন। এদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার আইনজীবী যায়েদ বিন আমজাদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে তিনি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি না করে পরবর্তী তারিখে অংশ নেবেন বলে জানান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার ‘নির্দেশদাতা ও পরিকল্পনাকারী’ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

গত বছরের ১৭ ডিসেম্বর দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এরপর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই ‘গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে।

গত ১ জুন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। 

ওইদিন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

সেদিন আদালতে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম।

পুরনো খবর

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

মানবতাবিরোধী অপরাধ: অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক

হাসিনাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদে

শেখ হাসিনাই জুলাই হত্যার 'নির্দেশদাতা': ট্রাইব্যুনালের তদন্ত সংস্