Published : 15 Mar 2026, 03:06 PM
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই হাসানুজ্জামান আসামি আজাদকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, আসামিপক্ষের তরফে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়।
“রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করি। উভয়পক্ষের শুনানি অন্তে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
মামলার বিবরণ অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন তৎকালীন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাংচুর করে পিটিয়ে আহত করা হয় কয়েকজনকে।