১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বর্ষবরণ পর্ষদের’ মঙ্গল শোভাযাত্রা

“পৃথিবীটা যেন সকল প্রাণীর বাসের উপযুক্ত হয়, বছরের প্রথম দিন এটাই আমাদের চাওয়া,” বলেন শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষক বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:17 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ঢাকের বাধ্য, বাঁশি আর বৈশাখ উদযাপনের গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করে নিয়েছে ‘বর্ষবরণ পর্ষদ’।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়কে মীনাবাজারের সামনে থেকে বর্ষবরণ পর্ষদ শোভাযাত্রা বের করে। কাগজের ঘোড়া, কাঠ ও কাগজের তৈরি পাখি, পেঁচা, পায়রার ও বাঘসহ নানা চরিত্রের মুখোশ পরেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যাকার ও আবৃত্তিকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় অংশ নেওয়া তক্ষশীলা বিদ্যালয়ের শিক্ষক বৃষ্টি বলেন, “পৃথিবীটা যেন সকল প্রাণীর বাসের উপযুক্ত হয়, বছরের প্রথম দিন এটাই আমাদের চাওয়া। শুধু মানুষের জন্য পৃথিবী নয়, সকল প্রাণীর জন্য কণ্টকমুক্ত পথ হোক।”

শোভাযাত্রায় হাঁটতে হাঁটতে আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম বলেন, “মঙ্গল বাংলা ও বাঙালির এতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল নাম নিয়েই শোভাযাত্রা শুরু হয়েছিল। বছরের প্রথম দিন বাঙালির সবকিছু যেন ভালো হয়, মঙ্গল হয়। মঙ্গল কামনা করেই নামটি দেওয়া হয়েছিল। এখন যেহেতু মঙ্গল নাম নিয়ে সমস্যা, এই কারণে বাইরে এসে মঙ্গল শোভাযাত্রা করতে হচ্ছে।”

মঙ্গল শোভযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান, মুক্তিযোদ্ধা মুনীরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানাউল আরেফিন, লেখিকা কনা রেজাসহ বিভিন্ন শিল্প, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

শোভাযাত্রা শেষে আবৃত্তি করে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, উদীচী, স্রোত, কথা আবৃত্তি চর্চাসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। একক সংগীত পরিবেশনায় ছিলেন মকবুল আহমেদ, সুকুমার বিশ্বাস, নারায়ণ চন্দ্র শীল, পীযূষ বড়ুয়া, মনিরা রওনক বুবলি, আঁখি হালদার, শাওন কুমার রায়, অরুনিমা আহমেদ প্রথমা ও শিল্পী সাহা।

একক আবৃত্তি নিয়ে মঞ্চে উঠেন বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, নায়লা তারান্নুম কাকলি, মো. মাসুদ উজ জামান, শিখা সেনগুপ্তা, অনিকেত রাজেশ, শাহদাত হোসেন নিপু। মূকাভিনয় করেন ইসরাফিল আহমেদ রঙ্গন।