Published : 22 Oct 2025, 06:58 PM
স্মারকলিপি জমা দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার ‘দেখা না পেয়ে' তার পদত্যাগের দাবি তুলেছেন এবতেদায়ী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষকরা।
আন্দোলনকারীরা বলছেন, শিক্ষা উপদেষ্টা সাক্ষাৎ না করে শিক্ষকদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করেছেন।
বুধবার বিকালে সচিবালয় থেকে বেরিয়ে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন— স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, "আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া এবং দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হয়।
"পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করলেও শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে দেখা করেননি। তিনি দেখা না করে শিক্ষকদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা। শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।"
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বুধবার দুপুরে পদযাত্রা শুরু করেন এবতেদায়ী শিক্ষকরা। পদযাত্রাটি কিছুটা এগিয়ে কদম ফোয়ারা ও প্রেস ক্লাব এলাকার মাঝামাঝি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এরপর দাবি-দাওয়া নিয়ে কথা বলতে সচিবালয়ে যান ১৫ জন শিক্ষকের প্রতিনিধি দল।
এদিকে নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন মোখলেছুর রহমান।
এবতেদায়ী শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—
>> চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
>>এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
>>অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
>>প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
>>এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।