Published : 14 Apr 2026, 01:33 PM
উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদযাপন করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর পর্যন্ত চলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ আয়োজন আহসান মঞ্জিলে করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই নান্দনিক আয়োজন।
“আমাদের ইতিহাসের শিকড়ের সাথে বর্তমান প্রজন্মের সম্মিলন ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং বিকশিত হবে।”
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক সালাম বলেন, “সিটি করপোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান নির্বাচিত সরকারের গতিশীলতা এবং জনসেবার চাপের কারণে আমাদের অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হচ্ছে।
“জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, তাই মাঠ পর্যায়ে আমাদের সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।”

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক আগামী দিনগুলোর জন্য ডিএসসিসির মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারের আশ্বাস দেন।