১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, হাই কোর্টের রুল

গত সপ্তাহে এই রিট আবেদন করেন আবদুল্লাহ আল মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, জানতে চেয়েছে হাই কোর্ট।

এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ রুলটি জারি করেছে। 

আদালত দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ এস এম শাহরিয়ার কবির।

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদের ও জাতীয় পার্টি-জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। 

গেল ৬ জানুয়ারি এই রিট আবেদন করেন আবদুল্লাহ আল মাহমুদ, যিনি নিজেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও সক্রিয়া ভূমিকা পালনকারী হিসেবে পরিচয় দিয়েছেন। 

রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

গেল ২৬ ডিসেম্বর জিএম কাদেরের জাতীয় পার্টি ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করে। তার আগে ২৩ ডিসেম্বর ২০ দলীয় জোট এনডিএফ ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করে।