২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায়

রোববার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার চেষ্টার মধ্যে দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার দুপুরে তার ঢাকায় পৌঁছার খবর এক পোস্টে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তার সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং দুদেশের কর্মকর্তারা ছিলেন।

ইসহাক দারের ঢাকায় আসার মধ্য দিয়ে প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এর আগে ২০১২ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর রোববার বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর।

এ সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের ইসলামীর নেতাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।