১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ী হত্যা: ৫ দিনের রিমান্ডে কামরুল, গ্রেপ্তার সোলায়মান

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

পাশাপাশি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন। 

গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড এবং ২২ সেপ্টেম্বর সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। 

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। তাকে গ্রেপ্তার না দেখানোর বিরোধিতা করে শুনানি করেন মোরশেদ হোসেন শাহীন। এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

এরপর কামরুলের ১০ দিনের রিমান্ডের পক্ষর শুনানি করেন শামছুদ্দোহা সুমন। কামরুলের রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন আফতাব মাহমুদ চৌধুরী।

শুনানি নিয়ে আদালত সাবেক এই মন্ত্রীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছর ৫ অগাস্টে শাহবাগের চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। ওইদিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।