১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে চাপাতি হাতে ছিনতাই করে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে চলে যাওয়ার ভিডিও ফেইসবুকে

ভিডিওটি ছড়ানোর পরই বিষয়টি জানতে পারার কথা বলেছেন ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 01:24 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ট্রাফিক সিগন্যালে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়েছে।

শুক্রবার ভিডিওটি ফেইসবুকে ছড়ানোর পর ওই ছিনতাইকারীর ‘সন্ধানে’ নামার কথা বলেছে পুলিশ।

অথচ ওই যুবককে একজনের ব্যাগ ছিনতাই করে চাপাতি হাতেই সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সামনে দিয়ে বিনা বাধায় হেঁটে চলে যেতে দেখা গেছে ভিডিওতে।

পাশেই কোনো একটি প্রাইভেট কারের ভেতর থেকে ধারণ করা ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশেই চাপাতি হাতে একজনকে ভয় দেখাচ্ছিলেন এক যুবক।

এরমধ্যেই একটি ব্যাগ মাটি থেকে তুলে কাঁধে নিয়ে তিনি হেঁটে সড়কের বিপরীত পাশে চলে যান।

এ সময় পোশাকধারী দুই পুলিশ সদস্যের সঙ্গে সাদা পোশাকেও একজনকে সড়কে গাড়ি চলাচলে নির্দেশনা দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সাদা পোশাকের সেই ব্যক্তিও পুলিশের কেউ।

তিন পুলিশ সদস্যের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী ওই যুবক এক হাতে থাকা ব্যাগ দিয়ে আরেক হাতে থাকা চাপাতি আড়াল করে দ্রুত সটকে পড়েন।

সেখানে উপস্থিত লোকজনের কেউই এগিয়ে আসেননি, এমনকি কোনো ধরনের সাড়াশব্দ না করার সুযোগে মূহূর্তেই সরে যান প্যান্ট-শার্ট পরা ওই যুবক।

ভিডিওটি ছড়ানোর পরই বিষয়টি জানতে পারার কথা বলেছেন ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা রাসেল স্কয়ার সিগন্যালে গতকাল রাত ১২টার দিকের ঘটনা। এখন পর্যন্ত ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেননি। কেউ থানায় আসেননি, আমাদের জানায়ওনি। 

“ছিনতাইকারী কী কী নিয়ে গেছে সেটিও আমরা জানি না।”

তিনি বলেন, “ভিডিও দেখে আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই যুবককে শনাক্তে কাজ করছি, আমরা চেষ্টা করছি।”