১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তোপের মুখে আইন উপদেষ্টা বললেন, শিক্ষার্থীদের সব দাবি ‘যৌক্তিক’

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ‘যারা খারাপ ব্যবহার করেছেন’ তাদের বিরুদ্ধেও ‘ব্যবস্থা নেওয়া হবে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 02:21 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সব দাবি ‘মেনে নেওয়ার’ আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

ঢাকার দিয়াবাড়িতে এই শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের ‘প্রকৃত তথ্য’ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া মাইলস্টোনের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি তুলেছেন তা ‘যৌক্তিক’ এবং সেগুলোর সঙ্গে সরকার ‘একমত’ বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।

মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজ প্রতিষ্ঠানের কয়েক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে, সভা কক্ষের বাইরে এসে এ কথা বলেন তিনি। 

এ সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আসিফ নজরুল বলেন, “ঘণ্টায় ঘণ্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে।"

৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে হওয়া ওই বৈঠকে অন্যান্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।  

সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এলে শিক্ষার্থীদের ক্ষেভের মুখে পড়েন তিনি; পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসে আসিফ নজরুল বলেন, "আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা আছেন তাদের প্রকৃত অবস্থা অবশ্যই জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, অবশ্যই জানানো হবে।”

সকাল ৯টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি সংলগ্ন গোলচত্বর এলাকায় ছয় দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

সেসব দাবি নিয়ে আইন উপদেষ্টা বলেন, “আপনারা যে দাবিগুলো করেছেন, ছয় দফা দাবি সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এবং আপনারা যে দাবি করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি।

"আমি সরকারের পক্ষ থেকে আপনাদের আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটি দাবি পূরণ করব। আমাদের ওপর আপনারা বিশ্বাস রাখেন।"

এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ‘যারা খারাপ ব্যবহার করেছেন’ তাদের বিরুদ্ধেও ‘ব্যবস্থা নেওয়া হবে বলে’ আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, “এছাড়া আপনাদের সাথে যে বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমাচাচ্ছি। এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।"

আইন উপদেষ্টা কথা শেষ হওয়ার পরপরই তাদের ওপর চড়াও হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন। 

তবে তারা সেখানে দাঁড়িয়েই 'লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না', 'আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই', ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ভুয়া ভুয়া’  স্লোগান ধরেন। 

শিক্ষার্থীদের দাবি নিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেওয়ার পর দুই উপদেষ্টা এবং প্রেস সচিব ভবনে সম্মেলন কক্ষে আবার চলে যান।

শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে-

• নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা

• আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।

• শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জনসমুক্ষে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।

• নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।

• বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।

• বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

সকালে যা ঘটে

সকাল পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসে পৌঁছান।

এসময় তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান তোলেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির ‘হায়দার আলী ভবন’ পরিদর্শন শেষে বের হবার সময়ও আসিফ নজরুলের পথ আটকে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠানটির ভবনের সম্মেলনকক্ষে যাচ্ছিলেন আসিফ নজরুল। ওই সময় আইন উপদেষ্টা হাত তুলে কিছু বলতে চাইলেও সে সুযোগ তিনি পাননি। শিক্ষার্থীরা দুই হাত তুলে ফের আইন উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন।

মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভতোপের মুখে আইন উপদেষ্টা

তখন আইন উপদেষ্টার পাশাপাশি হেঁটে যাওয়ার সময় মাইলস্টোনের এক শিক্ষার্থী কিছু বলতে চাইলে, আসিফ নজরুল বলেন, “ওকে বলতে দাও, বলতে দাও’। অন্যপাশে এক পুলিশ সদস্যকে আইন উপদেষ্টার পাশে সতর্কভাবে হেঁটে যেতে দেখা যায়।

শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠানটির ভবনের সম্মেলনকক্ষে যাচ্ছিলেন আসিফ নজরুল। ওই সময় আইন উপদেষ্টা হাত তুলে কিছু বলতে চাইলেও সে সুযোগ তিনি পাননি। শিক্ষার্থীরা দুই হাত তুলে ফের আইন উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন।

তখন আইন উপদেষ্টার পাশাপাশি হেঁটে যাওয়ার সময় মাইলস্টোনের এক শিক্ষার্থী কিছু বলতে চাইলে, আসিফ নজরুল বলেন, “ওকে বলতে দাও, বলতে দাও’। অন্যপাশে এক পুলিশ সদস্যকে আইন উপদেষ্টার পাশে সতর্কভাবে হেঁটে যেতে দেখা যায়।

ওই বিক্ষুব্ধ শিক্ষার্থী এই দুর্ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে লাশের সঠিক হিসাব তুলে ধরতে বলেন।

জবাবে আইন উপদেষ্টা কিছু বলার চেষ্টা করলেও বিক্ষোভে নামা শিক্ষার্থীদের স্লোগানে তার কথা চাপা পড়ে যায়।

পরে আসিফ নজরুলসহ কয়েকজন শিক্ষক ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে প্রবেশ করেন।

পরে সভাকক্ষে ৫/৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে ভেতরে ডেকে নেওয়া হয় আলোচনার জন্য।

বৈঠক চলাকালে বাইরে শত শত ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে শিক্ষার্থী বিক্ষোভ চালিয়ে যান।