১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ‘পূর্ব পরিকল্পিত’, মামলায় অভিযোগ উদীচীর

আগুনে বাদ্যযন্ত্রসহ ৫০ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি সংগঠনটির; এখন পর্যন্ত গ্রেপ্তার নেই বলছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি মারা যাওয়ার খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় ১০-১৫ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছেন উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। 

তিনি ‘পূর্ব পরিকল্পিত’ ও যড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অরাজকতা সৃষ্টির জন্য হামলা ও আগুন দেওয়ার অভিযোগ আনেন।  

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রোববার বিকালে হওয়া এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১০-১৫ জন দুর্বৃত্ত পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটিয়েছে। 

“পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুসারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিনষ্ট, দেশে অরাজকতা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করে তোলার ভয়ানক দুরভিসন্ধি হিসেবে এই নাশকতামূলক কাজটি করা হয়েছে।“

এজহারে বলা হয়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে শাহবাগ থানাধীন উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অজ্ঞাতনামা ১০/১৫ জন ‘দুর্বৃত্ত বেআইনি অনধিকার’ প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এতে সাড়ে তিন হাজার বই, সংগীত বাদ্যযন্ত্রসহ ৫৭ বছরের প্রকাশনা ও নথিপত্র নষ্ট হয়েছে। এসবের মূল্য আনুমানিক ৫০ লাখ ২৪ হাজার টাকা বলে মামলায় বলা হয়।

জামসেদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদীচীর এমন কিছু নথি, ঐতিহাসিক নিদর্শন ভাঙচুর ও আগুনে নষ্ট হয়েছে, যার কোনো আর্থিক মূল্য হয় না। কার্যালয়ের বাদ্যযন্ত্রসহ কিছু আসবাবপত্র, কম্পিউটারসহ সরঞ্জামের আনুমানিক অর্থমূল্য হিসাব করে একটা তালিকা থানায় দেওয়া হয়েছে।

দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় শনাক্ত ৩১গ্রেপ্তার ৯