খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন।
বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।
৩২ বছর বয়সি রুবেল হক নায়েক হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি পুলিশের বাদক দলের সদস্য ছিলেন।
তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে।
ওসি শফিকুল বলেন, “বাইক চালিয়ে যাওয়ার সময় রুবেলকে কভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
চালকের খোঁজ চলছে বলে জানান তিনি।
