১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দ

নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 04:38 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

দুর্নীতির মামলায় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। 

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন৷ 

আবেদনে বলা হয়, “নূর-ই-আলম চৌধুরী একজন আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।” 

এর আগে ২০২৫ সালের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার’ অভিযোগ আনা হয়েছে। 

তিনি ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা ‘সন্দেহজনক লেনদেন করেছেন’ বলে এজাহারে বলা হয়েছে।