Published : 04 Oct 2025, 10:38 PM
গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করে রোববার শুনানির প্রার্থনা করেন। এরপর আসামিকে কারাগারে পাঠিয়ে রোববার জামিন শুনানির আদেশ দেন বিচারক।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। সেসময় তারা গাড়ি ভাংচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পাঁচজন ধরা পড়েন।
তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তাতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করতে’ প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে পুলিশ দেখতে পেয়েছে।
মিছিলের ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন মামলা করেন। এ মামলায় পরে গ্রেপ্তার করা আহসান হাবিবকে।