Published : 05 Apr 2026, 01:22 AM
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গ্যাস লাইটারের কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসময় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের ২ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন বলে রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
কারখানা থেকে মন্ত্রী যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে তিনি দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে কিছু সময় থাকেন; তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকার জেলা প্রশাসককেও এ ঘটনায় একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মন্ত্রী।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর কেরানীগঞ্জে ওই গ্যাস লাইটারের কারখানায় আগুনের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের সদস্যরা সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম রাত সোয়া বারোটায় বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও দুজন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালককে (অপারশন্স ও মেনটেইন্যান্স) প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দিতে কমিটিকে সময় দেওয়া হয়েছে ৭ কর্মদিবস।