Published : 29 Jul 2026, 08:08 PM
আড়াই বছর আগে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর মামলায় দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
ওই দুজন হলেন- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের মালিক মো. রমজানুল হক নিহাদ ও ফুকো রেস্টুরেন্টের মালিক রাসেল আহম্মেদ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চান।
নিহাদের পক্ষে আইনজীবী জাহিদ হাসান ও রাসেলের পক্ষে আইনজীবী প্রদীপ রঞ্জর দেবনাথ শুনানি করেন। পরে আদালত তাদের জামিনের আদেশ দেয় বলে প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম তথ্য দেন।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে সাত তলা গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের প্রাণ যায়। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে।
ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম মামলা করেন। থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার পায় সিআইডি।
গত ২ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহজালাল মুন্সী। এরপর ১৯ এপ্রিল ভবনটিতে থাকা বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত।
পলাতক থাকায় ১৩ আসামিকে সেদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।