Published : 09 Nov 2025, 01:49 AM
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে একটি গাড়ির গ্যারেজে আগুনে কয়েকটি গাড়ি পুড়েছে।
শনিবার রাত পৌনে ১টার দিকে লাগা এ আগুনে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়তে দেখেছেন স্থানীয়রা। আগুন লাগার শুরুতে বিকট বিস্ফোরণ শোনার কথাও বলেছেন তারা।
মধ্যরাতে বেড়িবাঁধ সংলগ্ন ইউল্যাব ইউনিভার্সিটির কাছে বেশ কয়েকটি বিকট শব্দের পর গাড়িতে আগুন দেখা যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরাত কর্মকর্তা মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাধিক গাড়িতে আগুন লাগার খবরে মোহাম্মদপুর থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে না যান্ত্রিক ত্রুটির কারণে লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, বলেন তিনি।
স্থানীয় রুবেল নামে এক বাসিন্দা বলেন, আগুন দেখার আগে বেশ কয়েকটি বিকট শব্দ শুনতে পান তারা। মধ্যরাতের এমন শব্দ অনেক দূর থেকে শোনা যায়। এর পরপরই কয়েকটি গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, “আমি শুনেছি একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার পর পাশে আরো কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।”
পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান বলেন, একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। এতে দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহাতে কোনো ঘটনা ঘটেনি।