Published : 26 Dec 2025, 09:55 PM
ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী জিসান হকের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ইনভাইটেশন টু লাইফ’।
২২টি শিল্পকর্ম নিয়ে শুক্রবার এ প্রদর্শনী শুরু হয়েছে, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী জিসান হক বলেন, “এখানে আমার পরিবারের অনেকে উপস্থিত। প্রথমবারের মত আমার সন্তানেরা মাতৃভূমিতে এসেছে, স্বামী এল আমার দেশে। আজ তাদের নিয়ে এ রকম একটা প্রদর্শনী শুরু করতে পেরে আমি গর্বিত।”
শিল্পী সৈয়দ আবুল বারক আলভি বলেন, “মাধ্যমটা বড় কথা নয়, শিল্পী কী সৃষ্টি করছেন সেটাই আসল। সামনে হয়ত মাধ্যম আরো বদলে যাবে। আমেরিকায় আগে শিল্পীরা কেবল তুলিতে আঁকত, তারাও তাদের মাধ্যম বদলে ফেলেছেন।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রশিদ আমিন বলেন, “কানাডায় কী ধরনের কাজ হয়, মানুষ কী দেখেন, কী পছন্দ করেন, সেসব সরাসরি জিসান হক আমাদের কাছে নিয়ে এসেছেন। এটা চমৎকার ব্যাপার। এভাবে কানাডার সঙ্গে যোগসূত্র স্থাপিত হচ্ছে বাংলাদেশের।”
শিল্পী আবদুল মান্নান বলেন, “তার ডিজিটাল মাধ্যমের কাজগুলো দেখে মনে হয়েছে তিনি আর্টে সিদ্ধহস্ত, যদিও বিমূর্ত।”
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা চলা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
জিসান হকের বাড়ি পুরান ঢাকার নাবালক মিয়া লেনে। শৈশবে বাবা আবু জাফর জিয়াউল হককে দেখে তার আঁকতে শেখা।
তিনি ১৯৭৯ সালে বিদেশে পাড়ি জমান। যুক্তরাষ্ট্র হয়ে পরে থিতু হন কানাডায়। বিদেশে পড়ালেখা, প্রশিক্ষণ, বিয়ে ও সংসারের ফাঁকে চালিয়ে যান শিল্পচর্চা।
১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম একক প্রদর্শনী হয় তার ছবির। পরে নিউইয়র্ক ও কানাডার টরোন্টোতে একক প্রদর্শনী করেছেন। বাংলাদেশে এটি তার তৃতীয় একক প্রদর্শনী।