Published : 18 Dec 2025, 02:47 PM
খসরু চৌধুরী, তারিক আনাম খানসহ নয়জন বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
২০২৫ সালের পুরস্কারের জন্য বৃহস্পতিবার নয়জনের নাম ঘোষণা করে একাডেমি।
আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবার সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। তিনি ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী। তিনি প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় সামগ্রিক মূল্যায়নে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন সানাউল হক খান। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারপাচ্ছেন হাফিজ রশিদ খান; বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে তার রয়েছে গবেষণা।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনা ও সংগঠক হিসেবে অবদান রাখায় তিনি এ পুরস্কার পাচ্ছেন।
আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। অনুবাদ-সাহিত্যে অনন্য অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
এই ছয়জনের পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা করে।
এছাড়া হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। তিনি পুরস্কার পাচ্ছেন ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য; এ বইয়ে গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে। তার পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।
কথাসাহিত্যে অবদান রাখায় রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুয়া। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন আনিসুর রহমান। এই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।