১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন ৩ লেখক

একই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’-এর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 10:14 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

লেখক অধ্যাপক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার সাহিত্যচিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ করার লক্ষ্যে দ্বিতীয়বারের মত প্রদান করা হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’। এবার কাব্যগ্রন্থ ‘ফেনাফুল’ এর জন্য কবি হেমায়েত উল্লাহ ইমন, ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এর জন্য জুবায়ের রশীদ এবং নাটক ‘পুরনামা’- এর জন্য নাট্যকার শরণ এহসান এ পুরস্কার পেয়েছেন।

প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র এই পুরস্কার প্রবর্তন করেছে।  

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে মঙ্গলবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। একই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। তাদের বিজয়ী পাণ্ডুলিপিগুলো অমর একুশে বইমেলা ২০২৬-এ ঐতিহ্য থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় অনুষ্ঠানে শান্তনু কায়সার সম্পর্কে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। সেখানে তিনি তার ছাত্র শান্তনু কায়সারকে একজন মানবিক ও অঙ্গীকারাবদ্ধ লেখক হিসেবে স্মরণ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, “পঁচিশ বছর আগে ঐতিহ্যের যাত্রাকালে যে লেখকের দুটি বই প্রকাশ করেছিলাম, আজ তার সমুদয় রচনা পাঠকের কাছে পৌঁছে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঐতিহ্য বরাবরই তরুণ প্রতিভাকে প্রাধান্য দিয়েছে এবং এই পুরস্কারও তেমনই একটি তারুণ্যবান্ধব উদ্যোগ।”

পুরস্কারপ্রাপ্ত বইগুলোর ওপর আলোচনা করেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান। তিনি বলেন, “এবারের বিজয়ী তিনটি বই অত্যন্ত মানসম্পন্ন। আমাদের তরুণদের স্বপ্নকল্পনা ও বাস্তববোধ কতটা গভীর, বিজয়ী পাণ্ডুলিপিগুলো তার বলিষ্ঠ প্রমাণ।”

নাট্যনির্দেশক ফয়েজ জহির তার আলোচনায় শান্তনু কায়সারকে নাটক, সাহিত্য ও সুষম সমাজ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা হিসেবে তুলে ধরেন। 

এদিকে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঐতিহ্যকে ধন্যবাদ জানিয়েছেন ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’-এর সম্পাদক ও লেখকের ছেলে রাসেল রায়হান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহীত উল আলম বলেন, “শান্তনু কায়সার একজন অসাধারণ প্রাবন্ধিক, গবেষক, কবি ও শিক্ষাবিদ। তার সাহিত্যচেতনা পাঠককে দীপান্বিত করে। এই সাহিত্য পুরস্কার উত্তরপ্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য এক অমূল্য প্রেরণা হয়ে থাকবে।