Published : 19 Oct 2025, 09:52 AM
সদ্য প্রয়াত এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ‘দ্বিধাহীন ব্যক্তিত্বের’ অধিকারী ছিলেন বলে মন্তব্য করেছেন কবি ও অনুবাদক সাজ্জাদ শরিফ।
তিনি বলেছেন, “আমি কখনো তাকে না বলতে দেখিনি, সংস্কৃতি অঙ্গনে সবাই তার কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন।
“তার ছিল দ্বিধাহীন ব্যক্তিত্ব; সকলের সাথে মিশে যাবার ক্ষমতা তাকে ছাত্রদের মাঝে ভীষণ জনপ্রিয় করে তুলেছে।”
শনিবার বিকালে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে সৈয়দ মনজুরুল ইসলামের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
গত ১০ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান সৈয়দ মনজুরুল ইসলাম। পরদিন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
কথাসাহিত্যিক ও অনুবাদক মাসরুর আরেফিন বলেন, “তিনি মানুষটি এমন ছিলেন, সবসময় অন্যদের সাহায্য করার জন্য ব্যস্ত। তিনি আমাদের জীবনে নিঃস্বার্থভাবে আলো ছড়িয়ে গেছেন।”
চারুশিল্পী ফরিদা জামান বলেন, “বাংলাদেশের চিত্রকলা—দেশে এবং বিদেশে যত প্রসার পেয়েছে, তাতে মনজুর ভাইয়ের অবদান অনস্বীকার্য।

“তিনি শিল্পীর চোখ দিয়ে শিল্পকে দেখেছেন এবং খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন।”
প্রাবন্ধিক ফকরুল আলম বলেন, “আমাদের প্রায় ৫১ বছরের সম্পর্ক। তিনি শুধু বড় লেখক নয়, অনেক ভালো একজন মানুষ ও বন্ধু ছিলেন। তার গুণের কথা বলে শেষ করা যাবে না।”
কবি কায়সার হক বলেন, “সৈয়দ মনজুরুল ইসলামকে আমরা তার কাজের মাধ্যমে মনে রাখব ও তার জীবন থেকে শিক্ষা নেব।”
কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন ‘কালি ও কলম’র সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বেঙ্গল ফাউন্ডেশন ট্রাস্টের সহ-সভাপতি। তাকে স্মরণ করে শনিবার এ সভা আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন ও কালি ও কলম।
অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলামের সহকর্মী, শিক্ষার্থী, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।