১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র ‘চিন্তন’ এর যাত্রা শুরু

উদ্বোধনী সংখ্যায় ১২ দেশের লেখকদের ২৬টি সাহিত্যকর্ম প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 12:16 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন লেখকদের মধ্যে সাহিত্য সংযোগ তৈরির পাশাপাশি ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে সাহিত্যিক সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা করল বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র ‘চিন্তন’।

শুক্রবার ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের নর্সেস গার্ডেনিয়া প্রাঙ্গণের একটি কনফারেন্স হলে এ সাহিত্যপত্রের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আয়োজকদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চিন্তন’-এর সম্পাদক তাসনীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক ফকরুল আলম।

স্বাগত বক্তব্যে তাসনীম হোসাইন বলেন, সাহিত্য ভৌগোলিক ও ভাষাগত সীমারেখা অতিক্রম করে ভাবনা, সৃজনশীলতা ও অভিন্ন মানবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষকে সংযুক্ত করতে পারে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন লেখকদের জন্য ‘চিন্তন’ একটি আন্তর্জাতিক মিলনমঞ্চ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাকাদ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, “প্রযুক্তি আমাদের যন্ত্রগুলোকে সংযুক্ত করে, আর সাহিত্য সংযুক্ত করে আমাদের হৃদয়কে।”

ডিজিটাল বিশ্বের বাস্তবতায় সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং অর্থবহ মানবিক সম্পর্ক তৈরিতে সাহিত্যের গুরুত্বের ওপর তিনি জোর দেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অধ্যাপক ফকরুল আলম ‘চিন্তন’ এর ওয়েবসাইট উদ্বোধন করেন।

এর উদ্বোধনী সংখ্যায় কবিতা, ফ্ল্যাশ ফিকশন, ছোটগল্প, সাহিত্যপ্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনীসহ ২৬টি সাহিত্যকর্ম প্রকাশ পেয়েছে।

অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, চীন, ইতালি, নিউ জিল্যান্ড, পোল্যান্ড, সৌদি আরব, সাইবেরিয়া (রাশিয়া), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের লেখকদের লেখা রয়েছে এর মধ্যে। 

উদ্বোধনী অনুষ্ঠানের সাহিত্যপাঠ পর্বে বাংলাদেশের লেখক শামসী আরা হুদা, ফারুক মঈনউদ্দীন, দিলীপ গুহঠাকুরতা, রাজীবুল হোসেন ও ফরিদুর রহমান তাদের লেখা থেকে পাঠ করেন।

আন্তর্জাতিক লেখকদের মধ্যে আদা রিজ্জো, শারলিন মনজুর, নাসের আলশেখাহাম্মেদ এবং ভো থি নু মাই তাদের লেখা পাঠ করেন। যুক্তরাষ্ট্রের হেলেন প্লেটস ও চীনের মা ইংবো পাঠ করেন প্রতিক্রিয়া-কবিতা।

সাহিত্যপাঠ পর্বটি পরিচালনা করেন ‘চিন্তন’ এর প্রতিষ্ঠাতা সদস্য মন্জুরুল ইসলাম চৌধুরী। পরে অধ্যাপক ফকরুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠাতা লেখকদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

সমাপনী বক্তব্যে তিনি ‘চিন্তন’কে একটি অগ্রণী দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র হিসেবে বর্ণনা করেন। সাহিত্য ও সংস্কৃতির বিনিময়ের জন্য এটি একটি নতুন পরিসর তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবু জাফরের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক সাবরিনা ইসলাম।