২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্কে মোস্তাফিজুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তোলা ৪০টি ছবি শোভা পাচ্ছে গ্যালারিতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নিউ ইয়র্কে ‘সেভ দ্য পিপল’ মিলনায়তন যেন এখন বাংলাদেশেরই প্রতিচ্ছবি; গ্যালারি জুড়ে ফুটে উঠেছে এ দেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের পিস সেন্টারে ‘সেভ দ্য পিপল’ মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য, দৃঢ়তা আর আশার প্রতিচ্ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের তোলা ৪০টি ছবি শোভা পাচ্ছে গ্যালারিতে। আন্তর্জাতিক শান্তি দিবস ঘিরে কেক কেটে সপ্তাহব্যাপী তার তৃতীয় একক এ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

‘অলাভজনক’ সংগঠন ‘সেভ দ্য পিপল’ এ প্রদর্শনী আয়োজন করেছে, যা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ আয়োজনের সহযোগিতায় রয়েছে ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন অব ইউএসএ–কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।

আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “ছবিগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপটে লুকিয়ে থাকা শান্তির আবহকে তুলে ধরতে। শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতিই নয়; এটি ন্যায়বিচার, মর্যাদা এবং মানবিক সহমর্মিতার উপস্থিতি। আন্তর্জাতিক শান্তি দিবসে আমার ছবিগুলো সেই বার্তাই স্মরণ করিয়ে দিক।”

উদ্বোধন অনুষ্ঠানে জ্যামাইকা মুসলিম সেন্টারের জেনারেল সেক্রেটারি আফতাব উদ্দীন মান্নান, এনওয়াইসি কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সেভ দ্য পিপলের সিইও মুহাম্মদ শহীদুল্লাহ, নিউইয়র্কপ্রবাসী আলোকচিত্র সাংবাদিক জয় মণ্ডল, সানাউল হক, খোরশেদ আলম এবং ঢাকার কয়েকজন আলোকচিত্র সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সেভ দ্য পিপল মিলনায়তনে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান হবে।