Published : 12 Feb 2026, 08:49 AM
সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের ভিড় দেখা গেছে।
সিলেট-১ আসনের মদিন মার্কেটের শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র ও পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন ছিল।

একই আসনের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার পাভরীন আক্তার বলেন, “সকাল সকাল ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়।”

সুবিদবাজার সংলগ্ন আনন্দ নিকেতন কেন্দ্রের ভোটার ইয়াসমিন জান্নাত বলেন, “গৃহস্থালির কাজ শুরুর আগেই আগে ভোটটা দিয়ে যাব। তাই সকাল সকাল চলে আসছি। পরে সময় বের করা কঠিন হয়ে যায়।”
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ছত্রিশ জন। এর মধ্যে নারী ভোটার এক হাজার সাতশো পঁয়তাল্লিশ জন। কেন্দ্রে মোট সাতটি বুথ রয়েছে।
সিলেট-১ আসনের সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম বলেন, “সব প্রার্থীর এজেন্ট আছেন। সাড়ে ৭টায় ভোট শুরুর পর আধা ঘণ্টায় ৫০টির মত ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৯৭ জন; সবাই নারী ভোটার।"