১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে নির্বাচনের ব্যালট পেপার পৌঁছাল উপজেলা কার্যালয়ে

নির্বাচনের আগের দিন ব্যালট পেপার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 01:40 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ব্যালট পেপার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম নিরাপত্তা ও নির্বাচনি বিধি মেনে সম্পন্ন হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, “কেন্দ্রীয়ভাবে ছাপানো ব্যালট পেপার প্রথমে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। এরপর পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা 

হয়।

“এ প্রক্রিয়ায় ফরিদপুরের চারটি সংসদীয় আসনের নয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলা রিটারিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালটগুলো বুঝে নেন।”

নির্বাচনের আগের দিন ব্যালট পেপার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। 

মিন্টু বলেন, “পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হচ্ছে। ব্যালট পেপার হস্তান্তরের প্রতিটি ধাপেই নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম রোধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।”

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, “ব্যালট পেপার হস্তান্তর একটি সংবেদনশীল প্রক্রিয়া। তাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছি।”

ফরিদপুরের চারটি সংসদীয় আসনে এবারে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। জেলার মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।