Published : 05 Feb 2026, 05:40 PM
জামায়াতে ইসলামীকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেছেন, “আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে।
“জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতে ইসলামীকে ইসলামি দল বলে আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।”
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “২০২৪ সালে ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম, ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই লক্ষ্য-উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল, তার সঙ্গে আর কিছু দল আসল। যখন সারাদেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ‘ক্ষমতা-প্রেমিকরা এখানে ছোবল দিল।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।