Published : 22 Jan 2026, 02:12 PM
শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজারে নবীন এ দলটির ভোটের প্রচার শুরু হয়।
জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল নাগরিকদেরকে আমরা আজকে ২২ জানুয়ারি যে নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে, সেই যাত্রার আমরা স্বাগত জানাই।
“আজকে বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্ত। গত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক পরিচালনা শুরু হচ্ছে।”
তিনি বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ‘অগ্নিপাত’ শুরু হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৩৭ সালের পাকিস্তান আন্দোলন শুরু হয়।
“এই সবকিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সবকিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আমরা এই ঢাকা-৮ আসন থেকে নির্বাচনের প্রচার শুরু করেছি।”
দুই নেতার মাজার জিয়ারতের কারণ জানিয়ে নাহিদ বলেন, “দুই নেতা শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদেরকে স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করছি। কারণ আমরা জানি, এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক।
“শেরে বাংলা ফজলুল হক জমিদারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করেছেন। একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা একটি নতুন বন্দোবস্তের দিকে এগচ্ছি।”
নাহিদ বলেন, “অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন। ২৪ এর গণভুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে।”
এনসিপির ভোটের প্রচারের বার্তা নিয়ে দলটির আহ্বায়ক বলেন, “আজকের এই নির্বাচনি যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে এক. প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন।
“দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সে হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়… এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।”
জিয়ারত শেষে তিন নেতার সমাধিসৌধ থেকে পদযাত্রা নিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।
পদযাত্রায় এনসিপির নেতাকর্মীরা ‘তারুণ্যের মার্কা, শাপলা কলি/বাংলাদেশের মার্কা, শাপলা কলি মার্কা’, ‘গ্রাম বাংলার মার্কা/শাপলা কলি মার্কা’, ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’, ‘দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী'–ইত্যাদি স্লোগান দেন।
হাদির কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মতিঝিল পর্যন্ত ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির।
দলের নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর, সরদার আমিরুল ইসলাম সাগর, যুব উইং এর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, পল্টন থানা ও শাহবাগ থানা জামায়াতের দুই আমির উপস্থিত ছিলেন এ সময়।