Published : 13 Feb 2026, 11:46 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি যে ফল পেয়েছে, ভবিষ্যতে তার চাইতেও ভালো ফলের আশা প্রকাশ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “দেখেন আমরা ২৯২টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে, আমাদের সব প্রার্থীই জিতবে। এটা সবাই তাই মনে করে। এমনকি যারা ২-৪-৫০০ ভোটও পায়, তারাও বিজয়ের আশা করেই নির্বাচনে অংশগ্রহণ করে।
“এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো সেভাবে দেওয়া যাবে না। আমরা বলি যে আমাদের যা হয়েছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে।”
শুক্রবার নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর ১১টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এক সাংবাদিক জানতে চান, নির্বাচনের ফল নিয়ে বিএনপি সন্তুষ্ট কি না?
জবাবে নজরুল ইসলাম খান বলেন, “কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয়? শতভাগ সন্তুষ্ট হওয়া খুব কঠিন ব্যাপার। তবে মোটামুটি (সন্তুষ্ট)।
“কারণ আল্লাহর অশেষ মেহেরবানী যে এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদহানি হয়েছে। সেটা আল্লাহর অশেষ মেহেরবাণীতে তেমন কিছু হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।”
নির্বাচনে দেশের জনগণের বড় অংশ শরিক না হওয়ায় খেদ প্রকাশ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম।
“দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছে, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে, আগামী দিনগুলোতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলতে পারব- যাতে সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে।”