১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোটের দিন প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারের নিয়ম কী

প্রত্যেকে গাড়িতে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 12:54 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্টরা চলাচলের জন্য কী ধরনের কতটি যানবাহন ব্যবহার করতে পারবন, তার নিয়ম বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার রাতে এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস/সিএনজি/অটোরিক্সা) ব্যবহার করতে পারবেন। 

প্রত্যেকে গাড়িতে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন। প্রার্থী তার নিরাপত্তার জন্য গানম্যান রাখলে তিনিও ওই ৫ জনের অন্তর্ভুক্ত হবেন।

যেসব এলাকায় মোটর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী নিজে এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে দুটি করে মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটর সাইকেলে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ দুইজন থাকতে পারবেন।

এছাড়া নৌযানের ক্ষেত্রে প্রার্থী এবং তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ৫ জন (নৌযান চালকসহ) করে চলাচল করতে পারবেন।

যানবাহনে কারা থাকবেন (প্রার্থী/নির্বাচনি এজেন্ট/গানম্যান ব্যতীত) সেই তথ্য জানিয়ে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে রিটার্নিং অফিসারের কাছে যানবাহন ব্যবহারের জন্য আবেদন করে পরিচয়পত্র নিতে হবে। রিটার্নিং অফিসারের দেওয়া স্টিকারও গাড়িতে প্রদর্শন করতে হবে।

প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ছাড়া তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না।