Published : 14 Feb 2026, 02:56 PM
বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মারা গেছেন। তিনি বিএনপি ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছিলেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান।
নিহত ওসমান সরদার (২৯) সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমানসহ উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন।
ওসমানের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, “ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার লোকজন কই গেল বলে খুঁজছিল। এ সময় আমার ভাইসহ কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করেন ধানের শীষের সমর্থকরা।”
তিনি বলেন, আহত ওসমানকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়। এদিন বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি মাসুম খান বলেন, মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
তবে এ দুই প্রার্থীকেই হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।