Published : 15 Jan 2026, 04:44 PM
জুলাই জাতীয় সনদে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ‘মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ বলেন, "অনেকরকম আপত্তি হচ্ছে, কেউ কেউ বলছেন বিসমিল্লাহ থাকবে না, কেউ কেউ বলেন ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়।"
তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো (যেসব বিষয়ে) একমত হয়নি সে বিষয়ের কোনো উল্লেখ নাই।
“একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনোরকম উল্লেখ নাই।”
গণভোটেও সেরকম কিছু নেই মন্তব্য করে আলী রীয়াজ বলেন, “যারা বলছেন, তারা হয় অনিচ্ছাকৃতভাবে বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন।
“আমি আশা করি, তারা তাদের ভুলগুলো বুঝতে পারবেন, তাদের অবস্থান সঠিক করবেন, যদি না তাদের অন্য উদ্দেশ্য থাকে।”
গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রচারের অংশ হিসেবে এ ইমাম সম্মেলনের আয়োজন করা হয়।
জুলাই সনদের উদ্দেশ্য যে রাষ্ট্র সংস্কার, সে কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, “বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থায় আপনারা দেখেছেন, গত ১৬ বছরে, অর্থাৎ ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত কী করে একজন ব্যক্তির হাতে ক্ষমতা অভাবনীয়ভাবে পুঞ্জীভূত হয়েছিল। তিনিই সব। এবং তিনি কী করেছেন? তিনি কি আসলে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন? হ্যাঁ নিজের ইচ্ছেমতো দেশ চালিয়েছেন।
"কিন্তু তাকে সাহায্য করেছে, তাকে বৈধতা দিয়েছে সংবিধান। প্রয়োজনে তিনি সংবিধান ইচ্ছেমত বদল করেছেন। করে নিজের হাতে ক্ষমতা নিয়ে বলেছেন এ সংবিধানের মধ্যেই তো সব আছে। সেজন্য আমরা বলছি সংবিধানের বিশেষ বিশেষ জায়গাগুলো পরিবর্তন, সংশোধন, সংস্কার প্রয়োজন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সম্মেলনে উপস্থিত ছিলেন।