Published : 13 Feb 2026, 06:01 AM
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ছয়টির আনুষ্ঠানিক ফল পেতে আরও অপেক্ষায় রেখেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এরমধ্যে আদালতের নির্দেশনার কারণে দুই আসনে এবং ভোট গণনার কাজ শেষ না হওয়ায় চারটি আসনের ফল বৃহস্পতিবার গভীর রাতেও দেননি তারা।
এসব কেন্দ্রের ফল প্রকাশ না করেই তারা গভীর রাতে ফলাফল দেওয়ার কার্যক্রম শেষ করেন।
এসব আসন হল- চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১।
এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের নির্দেশনা মেনে ঘোষণা করা হবে না ফলাফল প্রদানের কেন্দ্রে জানান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
অপরদিকে বাকি চারটি আসনের পোস্টাল ব্যালটের ফল না পাওয়ায় সেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা থেকে বিরত থেকেছেন তারা। এসব কেন্দ্রের ফল শুক্রবার দুপুর ১২টার পর দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
ভোট গ্রহণ শেষে চট্টগ্রামের তিন স্থান থেকে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন রাত ৩টায় বলেন, বাকি কেন্দ্রের ফলাফল শুক্রবার বেলা ১২টায় দেওয়া হবে।
আরেক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের ফল ঘোষণা করা হবে না।
শুক্রবার বেলা ৩টায় তার অধীনে থাকা বাকি আসনগুলো এবং গণভোটের আনুষ্ঠানিক ফল দেওয়ার ঘোষণা দিয়ে রাতের মত কার্যক্রম শেষ করেন তিনি।
আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা চট্টগ্রাম-৫ (বিএনপি প্রাথী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন), চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০ (বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান) ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন।
এগুলোর মধ্যে চট্টগ্রাম-৮ আসনে পোস্টাল ব্যালট ছাড়া ১৭৮ কেন্দ্রের সবকয়টির ফলে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহ পেয়েছেন ১,৬১,৭৩৭ ভোট। পরের অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর আবু নাছের পেয়েছেন ৫২,০৩৩ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে পোস্টাল ব্যালটের ফল যোগ করা হয়নি। বাকি ১৪৩ কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়।
বন্দর স্পোর্টস কমপ্লেক্সে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষণা করা ফলে দেখা যায়, বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এরমধ্যে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৭৮টি।