১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় সমান ভাগে হাসি বিএনপি ও ইসলামী আন্দোলনের

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 09:09 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বরগুনার দুটি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফলে একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যটিতে বিএনপি জয় পেয়েছে। 

শুক্রবার রাত প্রায় সাড়ে ৩টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও কেওরাবুনিয়া দরবারের পীর মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। 

বরগুনা-২ (বামনা-বেতাগী- পাথরঘাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে গণভোটের ফলাফলে বরগুনা-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৫ হাজার ৪২০টি। 

বরগুনা-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২০ হাজার ৯৯৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৭ হাজার ৪৭৪টি।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, “ইসলামে ওয়াদার অনেক গুরুত্ব রয়েছে। নির্বাচনের সময় ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”