Published : 06 Feb 2026, 09:54 AM
গোপালগঞ্জ-১ আসনে নির্বাচিত হলে এলাকায় মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের শ্রীপুর গ্রামবাসীর আয়োজনে নির্বাচনি জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি।
সেলিমুজ্জামান বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে গোপালগঞ্জের উন্নয়ন হবে কি, হবে না। আমাদের গোপালগঞ্জ জেলার উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিন।
“আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যার সমাধান ও রাস্তা-ঘাটের উন্নয়ন করব।”
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, মো. ইনামুল হক, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম সেলিম, সাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ ও সাজাইল ইউনিয়ন বিএনপির নেতা মো. আকিজ মোল্লা উপস্থিত ছিলেন।