Published : 13 Feb 2026, 08:26 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ৩৪ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ২০ জন জামানত হারিয়েছেন।
জামানত হারানোদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, সিপিবি, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে ।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট পেতে হয়। সেই ভোট যারা পাননি তাদের জামানত আইন অনুয়ায়ী বাতিল হবে।
সেই হিসাবে দেখা গেছে, জেলার সাত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারিয়েছে।
তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ইসলামী আন্দোলনের এ বি এম মোস্তফা কামাল পাশা (প্রাপ্ত ভোট ১০২৮), বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক (৫৯৭), গণফোরামের জুলফিকার আলী (২৯৮)।
বগুড়া-২ আসন (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (৩৪২৬), ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন (৯১৩), জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ (৪৩৪), গণঅধিকার পরিষদের সেলিম সরকার (২৭৪) এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু (১৮৩)।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার (১৭৮৯), জাতীয় পার্টির শাহিনুল ইসলাম (১৪৯৫)।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইসলামী আন্দোলনের মুহাম্মদ ইদ্রিস আলী (২৯৫৪), জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল (১১০৭)।
একইভাবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান (৫৫৫৮), এলডিপির খান কুদরত ই সাকলায়েন (১১৩৪), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবিদাস (১৭৮২)।
বগুড়া-৬ (সদর) আসনে ইসলামী আন্দোলনের আ ন ম মামুনূর রশিদ (২৫০৭), জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি (২৭৬), বাসদের অ্যাডভোকেট দিলরুবা নুরী (৯৯৫)।
এ ছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম (২০৩৭), মুসলিম লীগের আনছার আলী (৫২৮)।